
নরসিংদীর পলাশ উপজেলার বারারচর এলাকায় গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে গেলেও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা অন্তত চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শব্দ শুনতে পান। শব্দের পর পোড়া গন্ধ বের হলে গেট খুলে ওপরতলায় থাকা স্যারকে ডেকে আনেন। পরে গেট খুলে আগুন দেখতে পান। তিনি নিজে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তারা বের হওয়ার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জিনারদী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।