
ব্যাংকিং খাতে তদারকি জোরদার করতে চারটি বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক-এর সংশ্লিষ্ট বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিয়োগ পাওয়া পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন—ন্যাশনাল ব্যাংক-এ ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২-এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী। আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এ দায়িত্ব পেয়েছেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।
এছাড়া প্রিমিয়ার ব্যাংক-এ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির। আর আইএফআইসি ব্যাংক-এ দায়িত্ব পালন করবেন ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান।
জানা গেছে, এসব কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অংশ নেবেন। এর মাধ্যমে ব্যাংকগুলোর নীতিগত সিদ্ধান্ত ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।