
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর আবারও কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
ইমরান খানকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র।
পিটিআইয়ের সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।
এর আগে, গত ১৮ আগস্ট ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করেছিল। তবে বৃহস্পতিবার আদালত সেই আবেদন ফেরত পাঠান।
এ ছাড়া ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।
ইমরান খান ও তার দল শুরু থেকেই দাবি করে আসছে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে কারাগারে রাখা হয়েছে।