
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন ঘিরে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশের আয়োজন করেন আন্তোনিও গুতেরেস।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে মঞ্চে ওঠেন। সেখানে জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁরা ফটোসেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় তিনি আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।
প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। প্রচলিত রীতি অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।
সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।