
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কাছাকাছি আসতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে নিজেদের জেলা হবিগঞ্জ সফরের আমন্ত্রণও জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ ও মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়ে উঠুক।
এ সময় ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।