
বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমিন শেখকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তাঁর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, রামপাল-মোংলার সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে এনামুল হক প্রিন্সের নেতৃত্বাধীন একটি গ্রুপ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিএনপির মধ্যে বিভ্রান্তি ও ভীতি ছড়ানোর চেষ্টা করছে।
এমনকি আল আমিন শেখের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন এবং জনমনে উত্তেজনা সৃষ্টি করে মব তৈরির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁর অনুসারীরা।
এদিকে, মাছের ঘের দখলকে কেন্দ্র করে ভোজপাতিয়া ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। আল আমিন শেখের দাবি, বাঁশবাড়িয়া ও চন্দ্রখালী মৌজায় তাঁর মালিকানাধীন বিভিন্ন মাছের ঘের থেকে রাতের আঁধারে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে একটি চক্র।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর মাছের ঘের দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিগত স্বার্থের কারণে কোনোভাবেই ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার বা জনমনে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।
এদিকে, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সব পক্ষের বক্তব্য গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তাঁরা।