
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সংলাপে জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন তাঁরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নাহিদ ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে একটা সংকটকাল চলছে। এমন সময়ে দেশের সরকারপ্রধান যদি সংলাপের আহ্বান জানান, তাহলে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই তাতে সাড়া দেব। মূলত আমরা শুনতে চাই, প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান। আমাদের পক্ষ থেকে তাঁকে কিছু পরামর্শ দেব। জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেসবের জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মধ্য দিয়েই জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হতে পারি।’
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, ‘এ পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছেও বার্তা যাবে যে সরকার সত্যিই জাতীয় ঐকমত্য চায়। তা না হলে তারা শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্যের কথা বলবে, আর জানুয়ারিতে ওই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।’
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার যথাযথভাবে ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার মতো মৌলিক বিষয়ে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, জনগণের মধ্যে সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে রাজনৈতিক দলগুলো বারবার তাদের রাজপথে নামাবে, কিন্তু বিপ্লব শেষ হলে নিজেদের অঙ্গীকার থেকে সরে আসবে—এমন আহ্বানে জনগণ আর সাড়া দেবে না।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু বিএনপি সেই পথে এগোয়নি। সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে দলটিই প্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। নির্বাচনের পর শপথ নেওয়ার দিন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে দ্বিতীয়বারের মতো ঐক্য ভঙ্গ করেছে বিএনপি।
তিনি আরও বলেন, সাত মাস ধরে দলটির বিভিন্ন নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণভোটের রায় অস্বীকার করেছেন। এ অবস্থায় বিএনপি যদি জাতীয় ঐক্যের আহ্বান জানাতে চায়, তাহলে আগে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গসহ অতীতে নেওয়া ভুল পদক্ষেপগুলো সংশোধন করে সেই আহ্বান জানানো উচিত।
এনসিপি নিজস্ব অবস্থান থেকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান নাহিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথেই করব। এ জন্য বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য বা এক টেবিলে বসার কোনো বিষয় নেই। আওয়ামী লীগের প্রথম লক্ষ্যই হচ্ছে এনসিপি। তাই রাজনৈতিক কারণেই আমরা সেই লড়াই চালিয়ে যাব।’
এদিকে, ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরে বিভিন্ন সেমিনার, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানান নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ১৬ নভেম্বর লন্ডনে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতা-কর্মীরা ন্যক্কারজনক হামলা চালান।