
মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলের হামলার বিষয়ে বাংলাদেশের সরকারের প্রকাশিত বিবৃতি তেহরানকে সন্তুষ্ট করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি।
আজ (১ এপ্রিল) ঢাকায় ইরানি দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল এবং তাতে ইরানের প্রতি আগ্রাসী শক্তিগুলোর ভূমিকা নিন্দা করা হত।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে আগ্রাসী শক্তিগুলোকে নিন্দা করার প্রত্যাশা ছিল, যা হয়নি। তিনি বলেন, এটি ইরানের জন্য হতাশাজনক।
যদিও বাংলাদেশের প্রতি আনুষ্ঠানিক কোনো নিন্দা পত্র পাঠানো হবে না, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বিষয়টি উত্থাপন করবেন।
জাহানাবাদি আরও উল্লেখ করেন, জাতিসংঘ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য হিসেবে বাংলাদেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসী শক্তিগুলোর নিন্দা জানাতে পারত। তিনি তুলনা হিসেবে বলেন, রাশিয়া ও চীন, যদিও মুসলিম দেশ নয়, তবু তারা নিন্দা প্রকাশ করেছে।