
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আন্দোলনের ঘটনাপ্রবাহ ও তৎকালীন রাজনৈতিক বাস্তবতার নানা দলিল সরেজমিনে দেখলেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। সোমবার (৩১ আগস্ট) ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাদুঘরে পৌঁছালে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান জাদুঘরের মহাপরিচালক। পরে প্রতিনিধি দলের সদস্যরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাবলি নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্রসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন তারা।
এ সময় তৎকালীন সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর পটভূমি ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করা হয়। আন্দোলনে ছাত্র-জনতা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের বিষয়েও তাদের ধারণা দেওয়া হয়।
জাদুঘর পরিদর্শনের সময় এর প্রতিষ্ঠার উদ্দেশ্য, কার্যক্রম ও সংরক্ষণ করা বিভিন্ন উপকরণ সম্পর্কে আইপিইউ মহাসচিব ও প্রতিনিধি দলের সদস্যদের বিস্তারিত জানান জাদুঘরের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
এ সময় জাতীয় সংসদের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার ও ডা. সানসিলা জেবরিন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেন। সেখানে তিনি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার পাশাপাশি বৈঠকেও অংশ নেন।