
জামিনে মুক্তি পেয়েও স্বস্তি মিলল না—কারাগার থেকে বের হওয়ার পরপরই আবার গ্রেপ্তার হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।
রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তবে ঠিক কোন মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, বিএনপি নেতাদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে প্রায় এক মাস ধরে কারাগারে ছিলেন তারা। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর সংশ্লিষ্ট আদেশ কারাগারে পৌঁছালে মুক্তি পান। কিন্তু কারাগারের ফটক পেরোনোর সঙ্গে সঙ্গেই ডিবি পুলিশের একটি দল তাদের আবার গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তিদের জামালপুর সদর থানায় নেওয়া হবে।