
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটিতে ‘কে এম মাজহারুল ইসলাম জোসেফ’ নামে কোনো ব্যক্তি নেই বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তার কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে জনৈক ব্যক্তি বিভিন্ন জায়গায় নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা পরিচয় দিচ্ছেন—এ মর্মে বেশ কিছু অভিযোগ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে বর্তমান ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে কেউ নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনা অনুযায়ী এই বার্তা প্রেরণ করা হয়েছে। তাই কথিত ওই ব্যক্তির কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না।