
জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহার করে আগের মূল্য পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। এমন পরিস্থিতির মধ্যেই দেশে দ্রব্যমূল্য বেড়ে চলেছে এবং মূল্যস্ফীতিও অব্যাহত রয়েছে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বাড়ছে।
সংগঠনটির ভাষ্য, এসব কারণে সামগ্রিকভাবে দেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
দুই দফা দাম বৃদ্ধিতে পরিবহণ ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, এমন বাস্তবতায় নতুন সরকারের দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যেই দুই দফায় জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের যাতায়াত ও যোগাযোগের ব্যয় যেমন বাড়বে, তেমনি পণ্য ও যাত্রী পরিবহণ এবং শিল্প উৎপাদনের খরচও বৃদ্ধি পাবে।
বিবৃতিতে বলা হয়, জ্বালানির বাড়তি দামের প্রভাব শেষ পর্যন্ত পরিবহণের ভাড়া এবং বিভিন্ন পণ্যের মূল্যের ওপর পড়বে।
জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখার আহ্বান
মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহার করে জরুরি ভিত্তিতে আগের মূল্য পুনর্বহাল করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারের কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা করা এবং অন্য কিছু ক্ষেত্রে ভর্তুকি দেওয়া স্বাভাবিক বিষয়। দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা সরকারের দায়িত্ব।
একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বও সরকারের রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।