
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আসাদ মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
এর আগে শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে আসাদ মোল্লাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর দুই দিন আগে, ৩১ অক্টোবর, ফেসবুকে আওয়ামী লীগের ঢাকা দখলসংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা থেকে একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। আসাদ মোল্লা উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
ওসি মো. রকিবুল ইসলাম জানান, আগে দায়ের করা একটি মামলায় আসাদ মোল্লার সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।