
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রবেশপথে আবারও আগের নামফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম বসানো হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি অপসারণের কাজ শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ
নামফলক সরানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’
হল প্রশাসনের উদ্যোগে নামফলক অপসারণ
নামফলক সরানোর বিষয়ে আব্দুল্লাহ আল নোমান জানান, কাজটি হল প্রশাসনের পক্ষ থেকেই করা হচ্ছে। তার ভাষায়, ‘‘হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।’’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘হল অফিসে এসে যোগাযোগ করেন, যথাযথ তথ্য পেয়ে যাবেন।’
২০২৫ সালে নাম পরিবর্তন করা হয়েছিল
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।
এবার সেই নামফলক সরিয়ে আবারও গেটে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।