
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে এবার ক্যাম্পাসের আন্দোলন ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম নগরীতে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। কিন্তু বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
নগরীতে অবস্থান কর্মসূচি
এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় সেখানে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘শরীফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’, ‘আইইবি নীরব কেন? জবাব চাই, জবাব চাই’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’—এমন বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাশে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাশে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সরকারের যারা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন—আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাশ-পরীক্ষায় ফিরে যাব।’
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিশ্রুতি, নারাজ শিক্ষার্থীরা
কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে তারা কাজ করছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অবস্থান কর্মসূচি শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে নিয়োগের তিন সপ্তাহ পর ক্যাম্পাসে প্রবেশ করলে অবরুদ্ধ হন অধ্যাপক শেখ শরীফুল আলম। ৩০ ঘণ্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হয়ে ক্যাম্পাস ছাড়ার পর তিনি আর ফেরেননি। ফলে উপাচার্যবিহীন ক্যাম্পাসে নানা জটিলতা তৈরি হয়েছে।