
গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় থানা ভবন সংস্কার, ট্রেন চলাচল এবং সরকারি বিভিন্ন সেবা কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি জেলার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা এভাবে স্থগিত রাখা বৈষম্যমূলক কিংবা আক্রোশমূলক পদক্ষেপ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, চলতি মাসের শেষ দিকে ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের’ কর্মসূচি রয়েছে। পাশাপাশি দলটির সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন।
এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সামনে আরও সহিংস কর্মকাণ্ডে জড়ালে সরকারি স্থাপনাগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া থানা ভবনসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থাপনার সংস্কারকাজ এখনই শুরু করা হচ্ছে না।
অন্যদিকে, ট্রেন ও রেলস্টেশনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চলাচল শুরু করতে রাজি নয় কর্তৃপক্ষ।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, "ট্রেন ও স্টেশনে বড় কিছু ঘটলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করি।"
তবে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাকে কেন্দ্র করে থানা, ট্রেন, বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি সেবার কার্যক্রম এভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত একটি নির্দিষ্ট জেলা বা উপজেলার মানুষের প্রতি বৈষম্যমূলক কিংবা আক্রোশমূলক আচরণ কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
এ বিষয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, "না, মোটেও তেমন না। সরকার জনস্বার্থ বিবেচনা করেই সাময়িক পদক্ষেপ হিসেবে কিছু ব্যবস্থা নিয়েছে। এটি সার্বিকভাবে জেলার জন্য ভালো সিদ্ধান্ত।"
বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছে।
তিনি বলেন, "গোপালগঞ্জ নিয়ে সরকারকে মনে হচ্ছে একটা ডিলেমার মধ্যে আছে। সরকার বলপ্রয়োগ না করে সেখানকার নিয়ন্ত্রণ নিতে চাইছে হয়তো। কিন্তু মনে রাখতে হবে প্রশাসনিক ও মানুষের সেবা প্রাপ্তির অধিকার সাময়িক স্থগিত হলেও তার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়। এমন পদক্ষেপ নিতে হবে যাতে সহিংসতা নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের অধিকার যেন খর্ব না হয়"।
সূত্র: বিবিসি