
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নতুন করে ‘দিশা’ নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। একই মামলায় গ্রেপ্তার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন দিবাগত মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, তদন্তের প্রয়োজনে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের অনুমতি দেন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ কারণে তাঁকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গে ছিলেন তাহসিফ। ফুটেজ ও গোপন সূত্রের তথ্য থেকে জানা গেছে, দীপ তাঁকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন।
তদন্তকারীদের দাবি, ওই এলাকা থেকে তাহসিফ আর ফিরে আসেননি; পরে একাই ফিরে যান দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাপ্রবাহ নিয়ে তাঁর দেওয়া বক্তব্যেও একাধিক অসংগতি পাওয়া গেছে। এসব কারণে তাঁর ভূমিকা নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় পরে দীপকে গ্রেপ্তার দেখানো হয়।
তবে মামলার লিখিত অভিযোগে তাহসিফের বাবা নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি। বরং ছেলের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে তা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
দীপের বক্তব্যে অসংগতি নিয়ে বাবার সন্দেহ
২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, দীপ তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু ছেলের নিখোঁজ হওয়ার পর দীপ তাঁকে যে তথ্য দিয়েছিলেন, পরবর্তী সময়ে তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে তার বড় ধরনের অমিল দেখা গেছে।
এনায়েতুল করিম বলেন, “পিবিআইয়ের কাছে দীপ স্বীকার করেছে তারা টঙ্গী গিয়েছিল। অথচ সে আমাকে বলেছিল তাহসিফকে সে আমাদের বাসার চত্বরে নামিয়ে দিয়ে গেছে। এতেই বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আমি জানি না আসলে কী ঘটেছে বা এর পেছনে কারা জড়িত।”
ছেলের মৃত্যুর প্রকৃত ঘটনা এবং এর পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বের করে আনার দাবি জানিয়েছেন তিনি।