
আগামী ৭ জুন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকার জাতীয় সংসদ ভবন-এ এ অধিবেশন আহ্বান করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক লক্ষ্য ও বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দ নতুন বাজেটে তুলে ধরা হবে বলে জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয় অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সংসদ সচিবালয়ের উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশন, বেতার ও অন্যান্য সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত বাজেট অধিবেশনকে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশন হিসেবে বিবেচনা করা হয়। এবারের অধিবেশনেও নতুন অর্থবছরের বাজেট নিয়ে সংসদ সদস্যদের বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।