.jpeg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী বলেছেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নন; তিনি ন্যায়, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তাই নজরুলের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) পাবনায় ‘ন্যায়ের পক্ষে আপোষহীন নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লতিফুল ইসলাম শিবলী আরও বলেন, ‘চব্বিশের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের প্রেরণা ছিলেন নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, ন্যায়বোধ ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কিন্তু বিগত সময়ে নজরুলকে সংকুচিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকার এ বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে সর্বস্তরে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।’
পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত পৌনে ৮টা পর্যন্ত।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সরকারি মহিলা কলেজের অধ্যাপক আখতার জামান।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফকরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত নজরুল সাহিত্য পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে নজরুলের কালজয়ী গান, আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।