
চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
১৩ ফেব্রুয়ারি রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয় বলে জানা গেছে।
আটকরা হলেন— ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।