
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
ওসি মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে নিয়ে যায়। পরে একটি নির্মাণাধীন ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর।
তিনি বলেন, যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।