
চলতি মাসেই ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি কয়েক দফা ফোনও করেছিলেন তিনি। তবে কোনো বার্তার জবাব পাননি নাহিদ। এমনকি তার ফোনকলও ধরেননি শেখ হাসিনা।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। ওই বার্তায় তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
তবে শেখ হাসিনা বার্তাটি দেখেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনোবারই ফোন রিসিভ করেননি শেখ হাসিনা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘আমরা তার মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’
গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যার ঘটনায় করা মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।