
কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে এসব সেবা আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
সেবা সাময়িক বন্ধের বিষয়ে সম্প্রতি পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
এই সময়ে এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন, কার্ড ব্যবহার করে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে লেনদেন এবং এনপিএসবি ও ই-কমার্স লেনদেন করা যাবে না।
প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সিস্টেম মাইগ্রেশনের কাজটি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্ধারিত কাজ শেষ হওয়ার পরপরই বন্ধ থাকা সেবাগুলো পুনরায় চালু হবে। সাময়িক এই সেবা বিঘ্নের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।