
বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন।
অন্যদিকে, সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব দেওয়ার আগে সরকার তাঁকে জাতিসংঘ থেকে ঢাকায় ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও তিনি সফরসঙ্গী ছিলেন।
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে সালাহউদ্দিন নোমান চৌধুরী নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এবার দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।