
গত বছরের মে মাস থেকে ভারতে পাকিস্তানি নাটক, গান ও সিনেমা দেখার ওপর কঠোর নিষেধাজ্ঞা চলছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে পাকিস্তানি নাটক। ভিপিএন ব্যবহার করে কিংবা গোপনে দল বেঁধে নাটক দেখার মাধ্যমে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করছেন তারা।
সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখানোর একটি ছোট ঘরোয়া আয়োজন করেছিলেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জনের জন্য আয়োজন করা হলেও এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সাতশোরও বেশি মানুষ।
আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে নাটকটির বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়ছে। সেগুলো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নাটকের জারিয়াব, জামিল ও আবু বকর চরিত্র নিয়ে ভারতের বিভিন্ন শহরে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে।
অনেক জায়গায় গোপনে ওয়াচ পার্টির আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনের পেছনে ছুটতে হচ্ছে পুলিশকেও। পোস্টার দেখে বেঙ্গালুরুতে দুটি প্রদর্শনী বাতিল করা হলেও দর্শকদের আগ্রহ কমেনি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন স্লোগান—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’।
ভক্তদের মতে, আবু বকরের মায়াবী ও সহানুভূতিশীল চরিত্রটিই তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে।
নিষেধাজ্ঞা পেরিয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন দর্শক
গত কয়েক বছর ধরেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তানি শিল্পীদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয়। এরপর নিরাপত্তার অজুহাতে ইউটিউবসহ সব প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করে ভারত। এমনকি নেটফ্লিক্স থেকেও পাকিস্তানের প্রথম সিরিজ সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়।
কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দর্শকদের আটকানো যাচ্ছে না। চীন নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে কোরিয়ান সংস্কৃতির প্রবেশ ঠেকাতে পারলেও ভারতের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। ইউটিউব পাকিস্তানি চ্যানেল আটকে দিলেও ভিপিএন ব্যবহার করে দর্শকরা সেগুলো দেখছেন। ডাউনলোড করে আবার নতুন করে আপলোডও করছেন।
গত বছরের ৮ মে নিষেধাজ্ঞা জারির দিনেই ভারতে ভিপিএন খোঁজার হার ৭২ শতাংশ বেড়ে গিয়েছিল। এতে পাকিস্তানি চ্যানেলগুলোর লাভই হয়েছে।
‘দার-ই-নিজাত’-এর চ্যানেল এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজারের মতে, তাদের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকও ভারতে ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
গল্প, ভাষা ও নির্মাণের মানে মুগ্ধ ভারতীয় দর্শক
ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটক এত পছন্দের হওয়ার পেছনে গল্পের মিল ও সহজবোধ্য ভাষার পাশাপাশি নির্মাণের মানও বড় ভূমিকা রাখছে।
আবু সুফিয়ান খানের মতে, ভারতীয় পর্দায় অনেক সময় মুসলিম চরিত্রগুলোকে একপেশেভাবে উপস্থাপন করা হয়। কিন্তু ‘দার-ই-নিজাত’ নাটকে ধর্ম ও মানুষের জীবনযাত্রাকে খুব স্বাভাবিক ও আন্তরিকভাবে তুলে ধরা হয়েছে। বিষয়টি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
নীতি বিশ্লেষক ঐশ্বর্য ভার্মা বলছেন, প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতির এই অবাধ আদান-প্রদান দুই দেশের মানুষের মধ্যে থাকা পুরনো ভুল ধারণাগুলো ভাঙতে সাহায্য করছে।
সাবেক কূটনীতিক অজয় বিসারিয়ার কথায়, প্রযুক্তির যুগে সীমান্ত কিংবা নিষেধাজ্ঞা দিয়ে সংস্কৃতিকে আটকে রাখা কঠিন। একসময় পাকিস্তানে বলিউড নিষিদ্ধ থাকলেও গোপনে তা দেখা হতো।
এখন ভারতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। রাজনীতির কঠোর বিধিনিষেধের মধ্যেও সংস্কৃতি নিজের পথ খুঁজে নিচ্ছে।
সূত্র: আল-জাজিরা