-69d1016221f69-6b0941d8b74ae.webp)
দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করা হয়েছে। এবার প্রতি লিটারে তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা সয়াবিনের ১৮৫ টাকা। নতুন নির্ধারিত দাম প্রায় সাড়ে চার বছর আগের সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এরপর গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে দাম ১৯৯ টাকা করা হয়। পরে ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ প্রতি লিটারে আরও তিন টাকা বাড়ানো হলো। অর্থাৎ, চলতি বছরে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে মোট ১২ টাকা বেড়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ব্যবসায়ীদের যুক্তি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজনেই এই মূল্য সমন্বয়। তবে বাজার বিশ্লেষকদের মতে, ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়কে কারণ হিসেবে দেখানো হলেও এবার ব্যবসায়ীরা তেমন কোনো জোরালো অজুহাত তুলে ধরতে পারেননি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের ভোজ্যতেলের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত সভায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিন দফায় লিটারে বেড়েছে ১২ টাকা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। বিশ্বের অন্যতম বৃহৎ সূর্যমুখী ও ভোজ্যতেল রপ্তানিকারক দেশ ইউক্রেন ও রাশিয়া থেকে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের তীব্র সংকট দেখা দেয়। একই সময়ে বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া নিজেদের অভ্যন্তরীণ বাজারের চাহিদা সামাল দিতে সাময়িকভাবে পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কারণে বিশ্ববাজারে সয়াবিন তেলের চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের বর্তমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
তাঁদের মতে, আসন্ন রমজানে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রি ঠেকাতে নির্দেশনা
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বাজারে বোতলজাত সয়াবিন তেল বোতলের গায়ে লেখা নির্ধারিত দামেই পাওয়া গেলেও খোলা সয়াবিন তেল কিনতে গিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে ভোক্তাদের।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট আট লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।