
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি কিংবা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানো—কোনো উদ্যোগই দেশটির শুল্কারোপের সিদ্ধান্ত ঠেকাতে পারেনি বাংলাদেশকে।
পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরের পর গত এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে দেশটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তিও করেছে বাংলাদেশ।
এত কিছুর পরও মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে ওয়াশিংটন শুল্কমুক্ত সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করেনি। বরং 'অতিরিক্ত উৎপাদন সক্ষমতা'র যুক্তি দেখিয়ে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে সুতা কেনার জন্য চাপ দিচ্ছে।
সুতা আমদানির উৎস পরিবর্তনে বাড়বে উৎপাদন ব্যয়
এ পরিস্থিতিতে পোশাকশিল্পের নেতারা সতর্ক করে বলেছেন, সুতা আমদানির উৎসে এমন পরিবর্তন আনা হলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এতে আগে থেকেই সংকটের মধ্যে থাকা বাংলাদেশের বস্ত্র খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশের বেশি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক আমদানি মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ৩২ শতাংশেরও বেশি।
গত অর্থবছরে বাংলাদেশ ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে। এর পাশাপাশি বিপুল পরিমাণ কাপড় ও ফাইবারও আমদানি করা হয়েছে। এসব পণ্যের বড় অংশ এসেছে চীন থেকে। যুক্তরাষ্ট্র চীনকে 'নন মার্কেট ইকোনমি' বা অ-বাজার অর্থনীতি হিসেবে উল্লেখ করে।