-6b098db7d5795.webp)
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই দেশে ফেরার অঙ্গীকার করে আসছেন। তবে এবার ৭৯ বছর বয়সী এই নেত্রী শুধু ফেরার ইচ্ছার কথা জানাননি, বরং দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ও সম্ভাব্য যাত্রাপথের পরিকল্পনাও প্রকাশ করেছেন। তার মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিজয় দিবস আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান তিনি। শুরুতে ঢাকার বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব না দিলেও, হাসিনার সর্বশেষ ঘোষণাকে এখন বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসান হলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভ্যুত্থান দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে অনুষ্ঠিত এক বিচারে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ঢাকার বর্তমান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হবে এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
তবে শেখ হাসিনা চান, দিল্লি থেকে তাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করুক। সরকার তাতে রাজি না হলে বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে তার। হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানিয়েছেন, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম—এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরিনের দাবি, সমর্থকেরা সীমান্ত অতিক্রমের জন্য সম্ভাব্য ৯টি প্রবেশপথ চিহ্নিত করেছেন। তার ভাষায়, এটি অত্যন্ত সুচিন্তিত ও নিখুঁত একটি পরিকল্পনা।
শেখ হাসিনার এ ঘোষণার পর কঠোর অবস্থান নিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, বাস্তবতা আর ইচ্ছা এক বিষয় নয়। শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে উল্লেখ করেছে দিল্লি।
ঢাকার অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা, শেখ হাসিনার এই ঘোষণা নিছক দেশে ফেরার প্রতিশ্রুতি নয়; এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। এর মাধ্যমে তিনি বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, দেশের রাজনৈতিক আলোচনায় আবারও নিজেকে প্রাসঙ্গিক করে তুলছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করা শক্তিগুলোর মধ্যকার বিভেদকে কাজে লাগানোর চেষ্টা করছেন। একই সঙ্গে সাবেক এই মিত্রকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের যে দীর্ঘমেয়াদি অস্বস্তি তৈরি হয়েছিল, তা এখন তাৎক্ষণিক কূটনৈতিক সংকটে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৬ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে প্রতীকী তাৎপর্য। বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাসে নিজের এবং দলের অবস্থান পুনরুদ্ধার করতে চাইছেন শেখ হাসিনা। তার সহযোগীদের ভাষ্য, নির্বাসনে থেকেও দলকে সক্রিয় রাখতে গত ১৮ মাস ধরে টেলিগ্রামের মাধ্যমে অডিও বৈঠক করে আসছেন তিনি।
দেশের ৬৪টি জেলা ও ৩০০টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের ৭৮টি ইউনিটের মাধ্যমে তিন শতাধিক বৈঠক করেছেন শেখ হাসিনা। এসব বৈঠকের কোনো কোনোটি চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছে। আবু ওবায়দা আরিনের দাবি, মাঠপর্যায়ের কর্মীদের দুঃখ-দুর্দশার কথা সরাসরি শোনার কারণে দলের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত মানববন্ধন করে ৫০ লাখ মানুষকে জড়ো করার সাংগঠনিক সক্ষমতাও তাদের রয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, ৫০ লাখ মানুষ জড়ো করার এই দাবি কিছুটা অতিশয়োক্তি হতে পারে। কারণ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় একটি অংশ বর্তমানে বিদেশে, কারাগারে অথবা আত্মগোপনে রয়েছেন। হাজার হাজার মামলা ও গ্রেফতারের মুখে দলটি কার্যত মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন। তারপরও সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগ সমর্থকদের ঝটিকা মিছিল ও সহিংস প্রতিবাদের ঘটনা বেড়েছে।
বিভিন্ন জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিশেষ করে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে। সেখানে থানায় হামলা, গাড়িতে আগুন দেওয়া এবং ক্ষমতাসীন বিএনপির নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে হামলার খবর পাওয়া গেছে। গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। পাল্টা হামলার আশঙ্কায় কিছু এলাকা থেকে পুলিশকেও সরে যেতে হয়েছে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি দাঙ্গায় জড়িয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন সাধারণ নাগরিক। এ ছাড়া ছয়জনের মৃত্যু সরাসরি এই অস্থিরতার সঙ্গে সম্পর্কিত।
তবে বিশৃঙ্খলা সৃষ্টির এই সক্ষমতাকে আওয়ামী লীগের বড় ধরনের পুনরুত্থান হিসেবে দেখতে রাজি নন ঢাকার পর্যবেক্ষকেরা। অনেকের মতে, হতাশাগ্রস্ত নেতা-কর্মীদের আবারও সক্রিয় করতেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তবে রাজনৈতিকভাবে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে—হাসিনার পতনের পর যে দলের নাম নেওয়াও একসময় অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এখন দেশের সব মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’-র সম্পাদক এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, গণঅভ্যুত্থানের সময় তৈরি হওয়া ঐক্যের মধ্যে যে ফাটল দেখা দিয়েছে, আওয়ামী লীগ সেটিকেই কাজে লাগাচ্ছে।
বিবিসিকে তিনি বলেন, ‘জুলাই সনদ’, প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার এবং গণভোটের বিষয়গুলো নিয়ে নির্বাচিত বিএনপি সরকারের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। দুর্বল পুলিশ প্রশাসন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যকার এই বিভেদকে সুযোগ হিসেবে নিয়ে আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরলে তাতে আওয়ামী লীগের ভাগ্য পরিবর্তনের বদলে দেশের রাজনৈতিক বৈরিতা আরও বাড়তে পারে। সরকার সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থকেরা তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলছেন। তবে বড় প্রশ্ন হয়ে উঠেছে, আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থনপুষ্ট একটি রাজনৈতিক শক্তিকে দীর্ঘদিন রাজনীতির বাইরে রেখে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব কি না।
হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্কে বাড়ছে অচলাবস্থা
অন্যদিকে, শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দেওয়া ভারতের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। দিল্লি তাকে আশ্রয় দিলেও ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঢাকাকে ক্ষুব্ধ করেছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তারেক রহমান এখনো ভারত সফর করেননি। দুই দেশের সম্পর্কের শীতলতা এতে আরও স্পষ্ট হয়েছে। গত আগস্টে তারেক রহমানের দিল্লি সফরের একটি সম্ভাবনা তৈরি হলেও সেখানে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে বড় ধাক্কা দেয়।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর চাপিয়ে দিয়েছে।
তার ভাষ্য, গত ১০ মাসে মন্ত্রীর পদমর্যাদার একজন প্রভাবশালী রাজনীতিককে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে নতুন আলোচনার প্রস্তাব—দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু ঢাকার কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দিল্লি এখন কিছুটা হতাশ। ভারতের ধারণা হতে পারে, তারা যে পদক্ষেপই নিক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন থেকেই যাবে। এ কারণে শেখ হাসিনাকে থামানোর বিষয়ে তারা কোনো তাগিদ অনুভব করছে না। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ স্থায়ীভাবে হারিয়ে যাক, সেটিও ভারতের স্বার্থের অনুকূলে নয় বলে মনে করেন পালিওয়াল।
তবে এ বিষয়ে ঢাকার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। শফিকুল আলমের মতে, বাংলাদেশে এমন একটি ধারণা ক্রমেই জোরালো হচ্ছে যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ঝুলে থাকা, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা নবায়ন না করা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও কোনো অগ্রগতি না হওয়ায় দুই দেশের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে শুধু পর্যটক ও চিকিৎসা ভিসা চালু থাকলেও অন্যান্য অমীমাংসিত বিষয়গুলোর কোনো সমাধান হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক বর্তমান পরিস্থিতিকে দুই দেশের ‘পারস্পরিক হতাশা’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, শেখ হাসিনাই এখন ঢাকা ও দিল্লির সম্পর্কের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। এই অচলাবস্থা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা প্রয়োজন।
অবিনাশ পালিওয়ালের মতে, ভারতের জন্য সবচেয়ে কম ক্ষতিকর সমাধান হতে পারে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হওয়া এবং ভিন্ন কোনো কার্যকর নেতৃত্বের অধীনে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা। এতে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরতে পারে এবং ভারতও নিজেদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করতে পারবে।
আপাতত ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত না হলেও, এই ঘোষণার মধ্য দিয়ে তিনি নিজেকে এমন একটি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন, যা ঢাকা কিংবা দিল্লি—কোনো পক্ষের পক্ষেই আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না।
ঢাকার ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষকের আশঙ্কা, নির্ধারিত তারিখ যত ঘনিয়ে আসবে, বিক্ষোভ ও সংঘাতের কারণে পুরো ডিসেম্বরজুড়েই দেশে অস্থিরতা তৈরি হতে পারে। শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে।
অ্যাকলেডের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়াও মনে করেন, মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তার এই ঘোষণায় সমর্থকেরা ব্যাপকভাবে উজ্জীবিত হয়েছেন।
সব মিলিয়ে অবিনাশ পালিওয়ালের ভাষায়, শেখ হাসিনা ঢাকায় ফিরে না আসা পর্যন্ত অথবা ঢাকা চাপের মুখে আলোচনার টেবিলে বসতে বাধ্য না হওয়া পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থবহ কূটনৈতিক আলোচনার পথ খুলবে না।