
প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী ধাপ তথা ‘অপারেশন সিঁদুর ২.০’ শুরু করতে ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (৩০ মে) তিনি বলেন, আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান ও বহু-মাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যৌথ সমন্বয় এবং সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে।
পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও দেশের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান স্পষ্ট করে বলেন যে, অপারেশন সিঁদুর এখনো চলমান রয়েছে এবং বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ আছে। তাই ভারতীয় সেনাবাহিনীসহ তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর মতো পরিস্থিতি তৈরি হলে তার জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত রাখছে।
অপারেশন সিঁদুর থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী জানান, এই অপারেশনটি প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে পুরোপুরি সক্ষম। তিনি আরও বলেন, এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে বিশেষভাবে রেখাপাত করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত।