
পুলিশ বাহিনীর সদস্যদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ করে একটি সরকারি গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। এতে কনস্টেবল থেকে শুরু করে এসআই, সার্জেন্ট ও টিএসআই পর্যন্ত বিভিন্ন পদে থাকা সদস্যদের ঝুঁকিভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
গত সোমবার, ৪ আগস্ট তারিখে প্রকাশিত এই গেজেটে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার। গেজেটে জানানো হয়েছে, নতুন এই ঝুঁকিভাতা কার্যকর হবে অবিলম্বে।
নথিতে বলা হয়েছে, “২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা যে অংকের ঝুঁকিভাতা পেতেন, সেটির ভিত্তিতে এবং অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের (০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫.৮১ নম্বর) স্মারক ও ২০২৪ সালের ২৮ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে নতুন হার নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামোর আলোকে এই হার গণনা করা হবে ২০১৫ সালের ১ জুলাই বা পরবর্তীকালে নির্ধারিত বেতনের শতাংশ হিসেবে।”
এর আগে ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকিভাতা নির্ধারিত ছিল, যা দশ বছর পর সংশোধন করা হলো।
কনস্টেবল পদে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি
কনস্টেবলদের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত, যা চাকরির মেয়াদের ওপর নির্ভর করে। ৫ বছরের চাকরিজীবনের ক্ষেত্রে ভাতা ৩০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১,৮০০ টাকা। চাকরির মেয়াদ ৫-১০ বছর হলে ৩৬০ টাকা বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ২,১৬০ টাকায়।
এরপর ১০-১৫ বছরে ৪৪০ টাকা বাড়িয়ে ভাতা ২,৬৪০ টাকা, ১৫-২০ বছরে ৫০০ টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির ক্ষেত্রে ৬০০ টাকা বাড়িয়ে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,৬০০ টাকা।
নায়েকদের জন্য ভাতা বাড়ল সর্বোচ্চ ৬৮০ টাকা
নায়েক পদে কর্মরত পুলিশ সদস্যদের জন্য ভাতা ৩৪০ থেকে ৬৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। চাকরির বয়স ৫ বছর পর্যন্ত হলে ২,০৪০ টাকা, ৫-১০ বছরে ২,৪০০ টাকা, ১০-১৫ বছরে ২,৮৮০ টাকা, ১৫-২০ বছরে ৩,৪৮০ টাকা এবং ২০ বছরের ঊর্ধ্বে থাকলে মাসিক ঝুঁকিভাতা হবে ৪,০৮০ টাকা।
এএসআইদের ঝুঁকিভাতা বেড়েছে সর্বোচ্চ ৭৬০ টাকা
সশস্ত্র ও নিরস্ত্র উভয় ধরনের এএসআইদের ভাতা ৩৬০ থেকে ৭৬০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫ বছরের চাকরিতে ২,১৬০ টাকা, ৫-১০ বছরে ২,৬৪০ টাকা, ১০-১৫ বছরে ৩,২৪০ টাকা, ১৫-২০ বছরে ৩,৮৪০ টাকা এবং ২০ বছরের অধিক হলে ৪,৫৬০ টাকা ঝুঁকিভাতা নির্ধারণ করা হয়েছে।
এসআই, সার্জেন্ট, টিএসআইদের জন্য সর্বোচ্চ ১,০৮০ টাকা বৃদ্ধি
এসআই, সার্জেন্ট এবং টিএসআই পদে থাকা পুলিশ সদস্যদের ঝুঁকিভাতা বেড়েছে ৫৪০ থেকে সর্বোচ্চ ১,০৮০ টাকা পর্যন্ত। ৫ বছরের চাকরির অভিজ্ঞতায় তাদের মাসিক ভাতা হবে ৩,২৪০ টাকা, ৫-১০ বছরে ৩,৮৪০ টাকা, ১০-১৫ বছরে ৪,৫৬০ টাকা, ১৫-২০ বছরে ৫,৪০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির ক্ষেত্রে মাসিক ঝুঁকিভাতা নির্ধারিত হয়েছে ৬,৪৮০ টাকা।
গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশোধিত এই ভাতা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্টদের নিয়মিত বেতনের সঙ্গে প্রদান করা হবে।