বাজারে ফের বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে মূল্য বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা এর পেছনে সাম্প্রতিক বৃষ্টিপাতকে দায়ী করলেও, ভোক্তাদের অভিযোগ—উপযুক্ত কারণ ছাড়াই দাম বাড়ানো হচ্ছে।
রোববার রাজধানীর আগারগাঁও, তেজগাঁও কলোনী বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। মাঝারি মানের পেঁয়াজ মিলছে ৬৬ থেকে ৭০ টাকায়। তবে পাড়া-মহল্লার দোকানে একই পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। অথচ তিন দিন আগেও এই পণ্যটি পাওয়া যেত ১৫ টাকা কম দামে।
তবে, বাজারের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরও গত বছরের তুলনায় দাম এখনো অনেকটা সহনীয়। ২০২৪ সালের এই সময়ে পেঁয়াজের কেজি ছিল ১০৫ থেকে ১২০ টাকা।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। যদিও এক বছরের ব্যবধানে তা ৩৩ শতাংশ কমেছে।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, বর্তমানে বাজারে কেবল দেশি পেঁয়াজই বিক্রি হচ্ছে, কারণ আমদানি বন্ধ রয়েছে। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী এরশাদ আলী বলেন, “কোনো দেশ থেকে এখন পেঁয়াজ আসছে না। দেশের পেঁয়াজ দিয়েই চলছে বাজার। বৃষ্টির কারণে দাম বেড়েছে। গত তিন-চার দিনে পাইকারিতে প্রতি মণে ২০০ থেকে ২৫০ টাকা দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে এবার উৎপাদন ভালো, তাই দাম খুব বেশি বাড়বে না।”
ভোক্তারা কিন্তু এমন দাবির সঙ্গে একমত নন। আগারগাঁও বাজারে ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে আসাদুল্লাহ মিয়া বলেন, “চার-পাঁচ দিন আগে পেঁয়াজ কিনেছিলাম ৬০ টাকায়। আজ কিনতে হলো ১৫ টাকা বেশি দরে। কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। বাজার এখনই তদারকি না করলে ব্যবসায়ীরা কারসাজি করে দাম আরও বাড়াবে।”