
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টসশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো—গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।