
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের নির্ধারিত কর্মসূচিতে অজয় বাঙ্গার সঙ্গে এ বৈঠকটি ছিল।
বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই পক্ষের অংশীদারত্বের ক্ষেত্র সম্প্রসারণ এবং সহযোগিতার নতুন সুযোগ নিয়েও আলোচনা করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি বিশ্বনেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করছেন।