
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পর্যায়ের ৩১ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট করা হয়েছে।
সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর পুলিশ থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সেখানে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
বদলির তালিকায় সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া একাধিক অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন।