
পাশ্চাত্য মূল্যবোধের কারণে সোনিয়া গান্ধী মনে করতেন, দল বা জোটসঙ্গীরা চাইলেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা উচিত নয়। এর পাশাপাশি তাঁর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাও চাইতেন না, তাঁদের মা দেশের প্রধানমন্ত্রী হোন।
তবে প্রধানমন্ত্রী হওয়া উচিত কি না, তা নিয়ে দীর্ঘ সময় দ্বিধা ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন সোনিয়া। নিজের আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে সেই দ্বিধা, সন্তানদের সঙ্গে আলোচনা এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। তাঁর এই বর্ণনা প্রকাশ করেছে ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোনিয়া লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই বিষয়টি নিয়ে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হলে সন্তানরা বিষয়টি কীভাবে নেবে, তা বুঝতে চেয়েছিলেন।
সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া লিখেছেন, ‘ভোটের কয়েক মাস আগেই ছেলেমেয়ের সঙ্গে প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। একজন সরাসরি জানতে চেয়েছিল, দল জিতলে তুমি কি প্রধানমন্ত্রী হতে চাও? আমার উত্তর ছিল, মোটেই না। সে আবার জানতে চেয়েছিল, তুমি কি নিশ্চিত? আমি দৃঢ়ভাবে বলেছিলাম, এ বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই।
‘রাহুল ও প্রিয়াঙ্কা কেউই চায়নি আমি প্রধানমন্ত্রী হই। দাদি নিহত হওয়া এবং বাবার নৃশংস হত্যাকাণ্ডের গভীর মানসিক আঘাত তাদের মনে দাগ কেটেছিল। তারা বুঝতে পেরেছিল, ওই পদ গ্রহণের ঝুঁকি কতটা। আমার উত্তর তাদের আশ্বস্ত করেছিল। তাদের মনের ভার কমেছিল। আমিও স্বস্তি পেয়েছিলাম।’
সন্তানদের কাছেই প্রথমবারের মতো নিজের অবস্থান এত স্পষ্ট করে জানিয়েছিলেন সোনিয়া। বিষয়টি তাঁদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য কারও সঙ্গে এ নিয়ে কথা বলেননি তিনি।
সোনিয়া লিখেছেন, ‘এ বিষয়ে আর কারও সঙ্গে আলোচনা করিনি। পুরো নির্বাচনী প্রচারের সময় কেউ যখন এ নিয়ে প্রশ্ন করেছেন, আমি স্পষ্ট কোনো উত্তর দিইনি। তখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছিলাম। সেই লড়াই ছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার। দলকে ঐক্যবদ্ধ ও অটুট রেখে প্রতিপক্ষের মোকাবিলা করছিলাম। নেতৃত্ব নিয়ে আলোচনার সময় তখন ছিল না। দলে নেতৃত্বের প্রতিযোগিতাও শুরু হতে দিইনি। নিজের মতামত এবং আমি কী চাই, তা সম্পূর্ণ নিজের মধ্যেই রেখেছিলাম। ঘনিষ্ঠজনদেরও কিছু বুঝতে দিইনি। আমি জানতাম, কংগ্রেসের ঐতিহ্য এমন একজনেরই বহন করা উচিত, যাঁর সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং যাঁর সততার রেকর্ড প্রশ্নাতীত।’
শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীর প্রত্যাশার বিষয়টিও সোনিয়ার মনে ছিল। তাঁরা সারা জীবন যে আদর্শ ও লক্ষ্য নিয়ে কাজ করেছেন, তার প্রতি নিজের দায়িত্ববোধও অনুভব করতেন তিনি। কিন্তু তখন তাঁকে কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছিল। তাঁর এক মন বলছিল, প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা একেবারেই নাকচ করে দিতে; অন্যদিকে মনে হচ্ছিল, দলীয় কর্মীদের প্রতিও তাঁর দায়বদ্ধতা রয়েছে। দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে তাঁরা কষ্ট পাবেন, ভোটাররাও হতাশ হবেন। আবার নিজের অবস্থান থেকে সরে আসতেও মন সায় দিচ্ছিল না।
যুক্তি ও আবেগের এই দ্বন্দ্বে কখনো একটি সিদ্ধান্তকে সঠিক মনে হচ্ছিল, আবার পরক্ষণেই অন্য যুক্তি তাঁকে নতুন করে ভাবাচ্ছিল।
এমন পরিস্থিতিতে জোটসঙ্গী দলগুলোর নেতাদের সঙ্গে সোনিয়ার বাসভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে যাওয়ার আগে কংগ্রেসের সহকর্মীদের আশ্বস্ত করে শরিক দলের নেতারা বলেছিলেন, ‘আমরা ঠিকই রাজি করিয়ে নেব।’
রাজীব গান্ধীর কনফারেন্স কক্ষে বৈঠক শুরু হয়। একের পর এক নেতা সোনিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুরোধ জানাতে থাকেন। তিনি চুপচাপ তাঁদের কথা শুনছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে অনুরোধ জানানোর পর নেতারা তাঁর মতামত জানতে চান।
সোনিয়া লিখেছেন, ‘আমি সাহস সঞ্চয় করে নিজের মনের কথা জানালাম। তা শোনার পর ঘরের মধ্যে যেন গর্জন উঠল। শরিক দলের নেতারা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমিও দাঁড়িয়ে পড়লাম। তাঁরা আমাকে ঘিরে ধরলেন। একজন বললেন, এটা আমরা মানব না। আরেকজন বললেন, ম্যাডাম, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না।
‘তাঁদের কণ্ঠ ছিল কঠোর, দৃঢ় ও আক্রমণাত্মক। তাঁরা বললেন, আমরা এখানে “না” শুনতে আসিনি। আমি ভয় পেয়ে গেলাম, কেঁপে উঠলাম। কোনো রকমে অস্পষ্ট স্বরে বললাম, ঠিক আছে। কিন্তু তাঁরা আমাকে কথা শেষ করতে দিলেন না। একের পর এক সবাই অভিনন্দন জানাতে শুরু করলেন। কেউ কেউ বলতে লাগলেন, উনি রাজি হয়েছেন, রাজি হয়েছেন। আমি নির্বাক, নিশ্চল ও অনুভূতিহীন হয়ে দাঁড়িয়ে রইলাম। তাঁরা সন্তুষ্ট হয়ে চলে গেলেন।’
বৈঠকের সময় কনফারেন্স কক্ষের জানালাগুলো খোলা ছিল, বিষয়টি তখন সোনিয়ার খেয়াল হয়নি। একটি জানালার পাশে দাঁড়িয়ে পুরো বৈঠক শুনছিলেন প্রিয়াঙ্কা। পরে মাকে তিনি জানান, নেতারা যখন সোনিয়াকে ঘিরে ধরেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল, তাঁরা যেন জোর করেই মাকে প্রস্তাবে রাজি করাচ্ছেন।
এ দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে রাহুলকে খুঁজছিলেন প্রিয়াঙ্কা। তাঁকে এমন অবস্থায় দেখে রাহুল জানতে চান, কী হয়েছে? প্রিয়াঙ্কা জানান, নেতারা তাঁদের মাকে ঘিরে ধরেছিলেন এবং মা ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।
বিচলিত রাহুল ও প্রিয়াঙ্কা দ্রুত মায়ের কাছে ছুটে যান। রাহুল চিৎকার করে জানতে চান, ‘তুমি হ্যাঁ বলে দিয়েছ?’
সোনিয়া জবাব দেন, ‘আমি হ্যাঁ বলতে চাইনি। কিন্তু তাঁরা আমার কথা শুনছিলেন না। আমি যে হতে চাই না, তা তোমরা জানো। কিন্তু তাঁরা চাপ দিচ্ছিলেন।’
রাহুল ক্ষুব্ধ হয়ে বলেন, ‘চাপ? তাঁরা তোমাকে চাপ দিচ্ছিলেন? তাহলে আমরা কোথায়? দেখো মা, তুমি বরাবরই এ বিষয়ে পরিষ্কার ছিলে।’
প্রিয়াঙ্কার চোখও তখন লাল হয়ে উঠেছিল। তিনি বলেন, ‘জোর করে কিছু কোরো না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, সেই অনুযায়ী কাজ কোরো। আমরা দুজনই তোমাকে সাহায্য করব।’
সোনিয়া লিখেছেন, ‘আমারও কান্না পাচ্ছিল। শোবার ঘরের পাশের করিডরের অন্ধকারে দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেন এক অন্ধকার আমাকে গ্রাস করছে। মনে হচ্ছিল, কেউ আমাকে সতর্ক করে দিচ্ছে—আমার সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে। শুধু দলের ওপর নয়, দেশের ওপরও। আমাদের প্রয়োজন একটি দৃঢ় সরকার ও সক্ষম প্রশাসন, যাতে ভারতকে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি থেকে দূরে রাখা যায়। সবচেয়ে বেশি প্রয়োজন উন্নয়ন ও অগ্রগতি। রাজনীতিতে আমি এসেছিলাম একটি লক্ষ্য নিয়ে। আমি জানতাম, আরএসএস এবং তাদের উগ্র শাখা-প্রশাখার প্রভাবে পরিচালিত বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করবে এবং সংবিধানকে অবমাননা করবে।’
নিজের উপলব্ধির কথা জানিয়ে সোনিয়া লিখেছেন, তিনি নিশ্চিত ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে বিজেপি তাঁর বিদেশিনী পরিচয়কে সামনে নিয়ে আসবে। এমন পরিস্থিতি তৈরি হবে, যা অতীতের সব ভালো অর্জনকে ম্লান করে দেবে। তিনি লিখেছেন, ‘জেনেশুনে কীভাবে আমি এমন দায়িত্ব নেব, যা আমার দেশকে আঘাত করবে? সেই দেশকে, যাকে আমি ভালোবাসি। না, কখনোই তা হতে পারে না।’
সেই রাতেই নিজের সঙ্গে দীর্ঘ দ্বন্দ্বের পর ভোররাতে সিদ্ধান্তে পৌঁছান সোনিয়া। প্রিয়াঙ্কা ও রবার্ট নিজেদের বাড়িতে ফিরে গিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে সরাসরি রাহুলের কক্ষে যান তিনি। ছেলেকে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নিজের নেওয়া সিদ্ধান্তেই অটল থাকব।’ রাহুল তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘এটাই ঠিক সিদ্ধান্ত।’ ততক্ষণে নির্বাচনের ফলও প্রকাশিত হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পর স্বস্তি অনুভব করেন সোনিয়া।
কংগ্রেসের নেতা নির্বাচনের দিন পার্লামেন্টের সেন্ট্রাল হলে প্রবেশ করেন সোনিয়া। তাঁকে দেখে সবাই দাঁড়িয়ে টেবিল চাপড়ে সংবর্ধনা জানান। একজন বক্তৃতায় আবারও তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। এরপর একে একে অন্য নেতারাও একই অনুরোধ জানান। সবারই এক দাবি—সোনিয়া যেন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
আত্মকথায় সোনিয়া লিখেছেন, ‘আমি লিখিত ভাষণ পড়তে শুরু করলাম। গত ছয় বছরের রাজনৈতিক জীবনে একটি বিষয়ে আমি সব সময় পরিষ্কার ছিলাম। বারবার বলেছি, প্রধানমন্ত্রীর পদ পাওয়া আমার জীবনের লক্ষ্য নয়। সব সময় নিশ্চিত ছিলাম, আজকের মতো পরিস্থিতি যখনই আসুক, আমি নিজের অন্তরাত্মার কথা শুনব। আর সেই অন্তরাত্মা আজ আমাকে বলছে, বিনয়ের সঙ্গে এই পদ প্রত্যাখ্যান করা উচিত।’
‘আমার কথা শুনেই সবাই না না বলতে বলতে এগিয়ে এলেন। কেউ কেউ কাঁদতে শুরু করলেন। কেউ আবার অস্থির আচরণ করতে লাগলেন। আমি ভাষণ পড়া থামিয়ে দিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একজন আমার হাত ধরে হলের বাইরে নিয়ে গেলেন। আমার ছেলেমেয়েরাও সেখানে চলে এল। তারা আমার পাশে দাঁড়াল। কিছুক্ষণ পর আবার সেন্ট্রাল হলে ফিরে গিয়ে ভাষণের বাকি অংশ শেষ করলাম।’
সোনিয়া আরও বলেন, ‘আপনারা সর্বসম্মতিক্রমে আমাকে নেতা নির্বাচিত করেছেন। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। আপনাদের সেই বিশ্বাস আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ তৈরি করেছে। তারপরও আমি এত বছর ধরে যে নীতি অনুসরণ করে এসেছি, তা আঁকড়ে থাকব। ক্ষমতা কখনো আমাকে আকৃষ্ট করেনি, আমার লক্ষ্যও নির্ধারণ করেনি। বরাবরই আমার লক্ষ্য ছিল এ দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি রক্ষা করা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো—যা ইন্দিরাজি ও রাজীবজি সারা জীবন করে এসেছেন।’
ততক্ষণে উপস্থিত সবাই বুঝতে পেরেছিলেন, সোনিয়া কী ঘোষণা দিতে যাচ্ছেন। তারপরও কেউ কেউ প্রতিবাদ জানাচ্ছিলেন। সোনিয়া নেতা নির্বাচনের জন্য তাঁদের সবার সম্মতি চান। সবাই রাজি হলে তিনি মনমোহন সিংয়ের নাম ঘোষণা করেন। এ সময় সবাই হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। রাহুল ও প্রিয়াঙ্কাও হাততালি দেন।
সোনিয়া লিখেছেন, ‘ভাষণের কপিটি হাতে নিয়ে আমি সরে এলাম। অবশেষে অগ্নিপরীক্ষার সমাপ্তি হলো।’