
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার (৯ নভেম্বর) ইজমির প্রদেশের উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস দেমির চেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আটজনকে উদ্ধারে অভিযান চলছে। ইজমিরের মেয়র জেমিল তুগাই জানিয়েছেন, ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো না পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফতচি জানিয়েছেন, জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হতাহতদের উদ্ধারে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।
গভর্নরের কার্যালয় জানায়, দুপুরের দিকে তরল ইস্পাত ঢালাইয়ের সময় একটি ওভারহেড ক্রেন চুল্লির ওপর পড়ে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন ডেনিজ উলকার। তিনি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, বিস্ফোরণের তীব্রতা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। তাঁর মনে হয়েছিল, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। প্রথমে তিনি ভূমিকম্প হয়েছে বলে ধারণা করেছিলেন। পরে রাস্তার উল্টো পাশে কারখানার দিকে তাকিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। চিমনির জায়গাটিতে আগুন জ্বলছিল।
উল্লেখ্য, তুরস্কের আলিয়াগা অঞ্চলটি বড় বন্দর ও জাহাজ ভাঙার শিল্পের জন্য পরিচিত। সমালোচকদের অভিযোগ, এ শিল্পের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত জাহাজ পুনর্ব্যবহারকারী কেন্দ্রের তালিকা থেকে আলিয়াগার জাহাজ ভাঙার ইয়ার্ডগুলো বাদ দেওয়ার দাবি উঠেছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আলোচনার জন্য বিশ্বনেতা ও পরিবেশকর্মীরা যখন তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় সমবেত হয়েছেন, তখনই এ দুর্ঘটনা ঘটল।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হাবাস কারখানাটিতে বছরে ৪৫ লাখ টন ইস্পাত উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র: এবিসি ও গালফ নিউজ।