
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে রাস্তায় নেমেছেন দুই লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন।
বিক্ষোভের অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার হিসাবে, রোববারের এই কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। ‘রেড লাইন’ নামে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া অনেকের পরনে ছিল লাল রঙের পোশাক বা লাল কোনো উপকরণ।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন মানুষের বিশাল মিছিলের মধ্যে হাঁটতে হাঁটতে বলেন, ‘সেখানে যা ঘটছে, তা অমানবিক।’ ডাচ সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘আমার বিবেচনায় সরকার কিছুই করছে না। তারা কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারছে না।’
রোববার আমস্টারডামের সাধারণত ব্যস্ত একটি সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেই সড়ক ধরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মাইক হাতে এক ব্যক্তি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। মিছিলের অনেকেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই স্লোগান দেন।
গাজায় নিহত অন্তত ৭৪ হাজার
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।
গত বছরের অক্টোবরের শুরুর দিকেও একই ধরনের বিক্ষোভ হয়েছিল। তার আগে গত বছরের জুনে ‘রেড লাইন’ কর্মসূচির অংশ হিসেবে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের রাস্তায় মিছিল করেছিলেন বিক্ষোভকারীরা।
গত বছরের ১০ অক্টোবর গাজায় একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হয়। তবে এরপরও প্রায় প্রতিদিনই সেখানে ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
গাজায় যুদ্ধের কারণে নেদারল্যান্ডস ও ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। গত বছর ইসরায়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী।
এরপর গত ফেব্রুয়ারিতে দেশটিতে নতুন একটি সংখ্যালঘু জোট সরকার ক্ষমতা গ্রহণ করে। ওই সরকার ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ডাচ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এসব বসতিকে অবৈধ বলে মনে করে। এ নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে নেদারল্যান্ডসের কূটনৈতিক বিরোধ তৈরি হয়।
গত বছর একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। তবে রোববারের কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন না। শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তার সরকার ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে, তা তুলে ধরেন তিনি।
জেটেন বলেন, ‘সেখানকার ভয়াবহ পরিস্থিতি কিছুটা কমাতে আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহেই আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরায়েলের ওপর তার সরকার আগের চেয়ে বেশি রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করছে।
সূত্র: আল জাজিরা