
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে উত্তরে লেবানন সীমান্তের দিকে এগোতে গেলে পথে পড়বে জনমানবহীন আপেল ও চেরি বাগান। সেখান থেকে কালামুন পর্বতমালার দিকে উঠতেই চোখে পড়ে রাঙ্কুস শহর।
শহরের প্রধান সড়কে আমার জন্য অপেক্ষা করছিলেন ৩৩ বছর বয়সী আবু জাদ। তিনি একসময় ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সদস্য ছিলেন। সাবেক শাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। একটি এসইউভি গাড়ির অন্ধকার জানালা দিয়ে আমাকে দেখে হাত নেড়ে অভিবাদন জানালেন। তাঁর মুখে ছিল বিষণ্ন হাসি।
তিনি বললেন, ‘কালামুন অঞ্চলের বিপ্লবের রাজধানী রাঙ্কুসে আপনাকে স্বাগত।’
গত ২২ অক্টোবর ভোরে শহরটির চিরচেনা শান্ত পরিবেশ ভেঙে পড়ে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী বিভিন্ন বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে। এ সময় পাঁচজন নিহত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ ছিল। তাদের ‘চরমপন্থী চিন্তাভাবনা’ ছিল এবং তারা ‘সিরিয়া রাষ্ট্রকে অবিশ্বাসী ঘোষণা করেছিল’।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত পাঁচজনের মধ্যে তিনজনের কাছে কোনো অস্ত্র ছিল না। বাকি দুজন নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। এতে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য নিহত হন।
পরপর তিন দিন শত শত স্থানীয় বাসিন্দা ও বাইরে থেকে আসা মানুষ শহরের প্রধান চত্বরে জড়ো হন। অথচ দুই সপ্তাহেরও কম সময় পর সেখানে কয়েকটি পরিবারের যৌথ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
জীবন উদ্যাপনের বদলে সেখানে শোক করতে হয়েছে তাঁদের। যেসব তরুণ যুদ্ধের কারণে শৈশব হারিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর তাঁরা প্রাণ হারিয়েছেন।
রাঙ্কুসের মানুষের কাছে এই রক্তপাত নতুন করে ক্ষতি ও অবিচারের অনুভূতি তৈরি করেছে। বিপ্লবে শত শত মানুষের জীবন দেওয়া এই শহরের অনেক বাসিন্দার মনে হচ্ছে, বাশার আল-আসাদের পতনের পর গড়ে ওঠা নতুন রাষ্ট্রব্যবস্থায় তাঁদের শহরকে একরকম উপেক্ষা করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তাঁদের প্রতিনিধিত্ব খুবই কম। শহর পুনর্গঠনের জন্যও মিলছে না প্রয়োজনীয় সহায়তা।
আসাদের পতনের দ্বিতীয় বার্ষিকী সামনে রেখে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে। ইসলামিক স্টেটের মতো গোষ্ঠীগুলো এই অসন্তোষকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর সুযোগ খুঁজছে।
গাড়ি থেকে নেমে আবু জাদ বাম হাত বাড়িয়ে আমার সঙ্গে শক্ত করে করমর্দন করলেন। অন্য হাতটি তিনি বুকের কাছে শক্ত করে ধরে রেখেছিলেন। ২০১৪ সালে গুলিবিদ্ধ হয়ে তাঁর ডান হাতটি কার্যত অচল হয়ে যায়।
বর্তমানে তিনি ফিরাস আল-বিতারের গণমাধ্যমবিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করছেন। ২০১২ সালে সিরিয়ার সেনাবাহিনী ছেড়ে বিদ্রোহী দলে যোগ দেওয়ার পর ফিরাস আল-বিতার এফএসএ-সংশ্লিষ্ট শাম লিবারেশন ব্রিগেড প্রতিষ্ঠা করেন।
রাঙ্কুসের বাসিন্দা আল-বিতার শহরটির শত শত তরুণকে সিরিয়ার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সংগঠিত করেছিলেন। এর ফলে ২০১২ সালের শেষ দিকে সরকারি বাহিনী শহরটি ছেড়ে চলে যায়।
২০১৪ সালে তিনি ও তাঁর যোদ্ধারা আবারও কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েন। এবার তাঁদের প্রতিপক্ষ ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বাশার আল-আসাদের সরকারকে রক্ষা করতে সংগঠনটি তখন সিরিয়ায় প্রবেশ করেছিল।
হিজবুল্লাহর বিপুল অস্ত্রশক্তির সামনে টিকতে না পেরে আল-বিতারের যোদ্ধারা শহর ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপর তাঁদের সিরিয়ার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিবে নিয়ে যাওয়া হয়। এ জন্য ব্যবহার করা হয়েছিল আসাদ সরকারের কুখ্যাত সবুজ বাস।
তবে ২০২৪ সালের ৮ ডিসেম্বর পরিস্থিতি বদলে যায়। আসাদ সরকারের সেনাবাহিনী যখন বিদ্রোহীদের সামনে ভেঙে পড়ছিল, তখন আল-বিতার ও তাঁর যোদ্ধারা উত্তর সিরিয়া থেকে ট্রাকে করে বিজয়ীর বেশে রাঙ্কুসে ফিরে আসেন।
কয়েক মাস ধরে তাঁরা সেই বিজয়ের আনন্দে মেতে ছিলেন। কিন্তু একসময় তাঁদের বাস্তবতা বদলে যায়। কোনো কাজ বা আয় না থাকায় তাঁরা কার্যত নিঃস্ব অবস্থায় বাড়িতে বসে থাকতে বাধ্য হন।
২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ফ্রি সিরিয়ান আর্মির দীর্ঘদিনের বিরোধ ছিল। ক্ষমতায় আসা ওই গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত ছিল। সংগঠনটি এখন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত। নতুন সিরীয় সেনাবাহিনী গঠনের সময় এফএসএর বিভিন্ন দলের সদস্যরা নিজেদের উপেক্ষিত অবস্থায় দেখতে পান।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জামাল জাইনিয়ার সঙ্গে সম্পর্ক থাকার কারণে ফিরাস আল-বিতার ওই তরুণদের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দিয়েছিলেন। জামাল জাইনিয়া ‘আবু মালিক আল-তাল্লি’ নামে পরিচিত। তিনি আগে এইচটিএসের সদস্য ছিলেন এবং এখনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।
তবে আবু জাদ অস্বীকার করেছেন, তাঁর সঙ্গে জাইনিয়ার কোনো বিরোধের জেরে এই অভিযান চালানো হয়েছে। জাইনিয়াও প্রকাশ্যে এ ধরনের কোনো বিরোধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
নিরাপত্তা বাহিনীর অভিযান
আবু জাদের গাড়িতে উঠে আমরা রওনা দিলাম আহমদ আল-খাত্তিবের বাড়ির দিকে। তাঁর ২১ বছর বয়সী ছেলে ইউসুফ আল-খাত্তিব ওই অভিযানে নিহত হন।
দরজায় আমাদের অভ্যর্থনা জানালেন আহমদ। তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে আমাকে ঘরে নিয়ে গেলেন। সাধারণ একটি বসার ঘরে প্রায় এক ডজন পুরুষ নীরবে বসে ছিলেন। তাঁরা সবাই শোকাহত বাবার প্রতি সমবেদনা জানাতে এসেছেন।
সকাল ৬টার দিকে নিরাপত্তা বাহিনী ইউসুফের বাড়িতে ঢুকে পড়ে। দরজা খুলতে গেলে তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
আহমদ আমাকে তাঁর স্ত্রীর কাছ থেকে শোনা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘ফজরের নামাজ পড়ে ফেরার পর ইউসুফ ও তার দুই বন্ধু বসার ঘরে একসঙ্গে মাতে (দুধ মিশিয়ে তৈরি চা) পান করছিল। তখনই নিরাপত্তা বাহিনী বাড়িতে ঢোকে।’
তিনি বলেন, ‘এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তিনজনই নিহত হয়।’
আহমদ জানান, অভিযানে আসা ব্যক্তিরা যে সাধারণ নিরাপত্তা বাহিনীর সদস্য, তা তাঁরা বুঝতে পারেননি। তাঁদের ধারণা হয়েছিল, হয়তো হিজবুল্লাহর লোকজন এসেছে। সে কারণেই তাঁর ছেলে অভিযানে বাধা দিয়ে থাকতে পারেন।
তিনি বলেন, ‘যুদ্ধের সময় আমাদের বাড়িটি হিজবুল্লাহ দখল করে রেখেছিল। তাই এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়।’
ছেলের কথা বলতে গিয়ে আহমদ বলেন, ‘সে বিয়ের অনুষ্ঠানে নাচত, তায়কোয়ান্দো খেলত। আমি ধূমপান করি, কিন্তু সে কখনো আমাকে এ জন্য বকাঝকা করেনি। আইএসের সদস্য হলে কি কেউ এমন আচরণ করত? আমার ছেলেসহ ওই পাঁচ তরুণ শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখত, এর বেশি কিছু নয়।’
আসাদ সরকারের পতনের আগে ইউসুফ ইদলিবে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতেন।
আহমদ বলেন, ‘সে সম্মুখসারির পেছনে থেকে হায়াত তাহরির আল-শামের সঙ্গে যোগাযোগ রাখত এবং তাদের সহায়তা করত। তবে মুক্তির দিন সে যখন অস্ত্র হাতে নেয়, তার আগ পর্যন্ত আমি বিষয়টি জানতাম না। সেদিন আমার খুব আনন্দ হয়েছিল।’
এ কথা বলার সময় তাঁর মুখে হাসি ফুটে ওঠে। তিনি আরও বলেন, ‘তবে রাষ্ট্রের কাছ থেকে সে সামান্য আর্থিক সহায়তা পেয়েছিল।’
ইউসুফের ছোট ভাই মাজদও হায়াত তাহরির আল-শামের হয়ে তথ্য সংগ্রহ করতেন।
২০২০ সালে আসাদ সরকারের বাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালায়। ওই ঘটনায় মাজদের ছয় বন্ধু নিহত হন এবং তাঁর পিঠে আঘাত লাগে।
মাজদ বলেন, ‘আমি যখন আহত হয়েছিলাম, তখন কিছুই অনুভব করিনি। কারণ ইউসুফ আমার পাশে ছিল। সে আমাকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে ঘুরত। আমার ওই দুর্ঘটনার পরই সে তথ্য সংগ্রহের কাজে যুক্ত হয়।’
২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতনের পর ইউসুফ নতুন সিরীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের বেশি সেখানে থাকতে পারেননি। তাঁকে অন্য একটি প্রদেশে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বেতনও ছিল কম।
এ সময় দরজায় আবারও কড়া নাড়ার শব্দ হলো। ঘরে বসে থাকা পুরুষেরা উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন ২৫ বছর বয়সী মাজদ সুলেইমানের বাবা মুহাম্মদ সুলেইমান এবং ২২ বছর বয়সী আহমদ ফারাউনের বাবা মুহাম্মদ ফারাউনকে।
মাজদ সুলেইমান ওই অভিযানের দিন সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন। তিনি একটি ছোট সুপারশপে কাজ করতেন।
তাঁর বাবা স্মৃতিচারণ করে বলেন, ‘মাত্র ১০ বছর বয়স থেকেই সে বিপ্লবের সঙ্গে ছিল। বন্ধুদের সঙ্গে বিক্ষোভে যেত।’
যুদ্ধের বড় একটি সময় মাজদ বাড়িতে লুকিয়ে ছিলেন। বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ না দেওয়ায় সরকারি বাহিনী তাঁকে খুঁজছিল।
তবে রাঙ্কুসের অন্য অনেক তরুণের মতো মাজদও নতুন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাননি। কর্তৃপক্ষ জানিয়েছিল, সেখানে পর্যাপ্ত পদ খালি নেই।
তাঁর বাবা বলেন, ‘সেনাবাহিনীতে জায়গা না হওয়ায় সে বেকার হয়ে পড়ে। এরপর মসজিদে যাওয়া ও ধর্মীয় কাজে নিজেকে ব্যস্ত রাখে।’
বাবার ভাষ্য অনুযায়ী, মাজদের সুনাম ছিল। তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ বা রেকর্ড ছিল না। অবসর সময়ে তিনি তায়কোয়ান্দো অনুশীলন করতেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে আরও কয়েকজন তরুণ-তরুণীর সঙ্গে তাঁর বিয়েরও কথা ছিল।
ছেলের বিয়ের কথা বলতে গিয়ে মাজদের বাবা বলেন, ‘যে চত্বরে এখন জানাজার আয়োজন করা হয়েছে, সেখানেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা চাই, যারা গুপ্তচরবৃত্তি করছে এবং তথ্য দিচ্ছে, তাদের পরিচয় প্রকাশ করা হোক। এখনো তথ্যদাতা রয়েছে, যেমনটি আগের সরকারের সময় ছিল। কিছুই বদলায়নি, শুধু অভিযোগের ধরন বদলেছে।’
বাশার আল-আসাদের শাসনামলে তথ্যদাতাদের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছিল। এই নেটওয়ার্কের সদস্যরা নিজেদের সহকর্মী, বন্ধু, এমনকি পরিবারের সদস্যদের বিরুদ্ধেও প্রকৃত বা মিথ্যা তথ্য সরবরাহ করতেন।
মুহাম্মদ সুলেইমানও একই দাবি জানিয়ে বলেন, ‘আমরা চাই, সত্য সামনে আসুক। যারা সমাজের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, সেই তথ্যদাতাদের পরিচয় প্রকাশ করা হোক।’
২২ বছর বয়সী আহমদ ফারাউন তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা করছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মুহাম্মদ ফারাউন বলেন, ‘আমাদের হৃদয় সরকারের সঙ্গেই আছে। কিন্তু যারা আমাদের ছেলেদের বিরুদ্ধে নিরাপত্তা প্রতিবেদন তৈরি করেছে এবং অবিশ্বস্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে, তারাই দায়ী।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সন্তানদের রক্তের বিচার চাই। যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের আদালতে বিচারের মুখোমুখি হতে দেখতে চাই। আমরা স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বাঁচার আশায় বিপ্লবে যোগ দিয়েছিলাম।’
ক্ষোভের চূড়ান্ত পর্যায়
আহমদ আমাকে তাঁর ছেলের কবর দেখাতে শহরের কবরস্থানে যাওয়ার প্রস্তাব দেন। আমরা গাড়িতে করে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছাই। সেখান থেকে কালামুন পর্বতমালায় ঘেরা উপত্যকার দিকে তাকালে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে আছে শত শত কবর।
আহমদের ছেলের কবরটি তখনো চিহ্নিত করা হয়নি। কবরের ওপরের বাদামি মাটি উলটপালট অবস্থায় ছিল। কবরের ফলকেও তখনো কোনো নাম খোদাই করা হয়নি।
তিনি দূরের কয়েকটি কবর দেখিয়ে সেগুলোকে ‘বিপ্লবের শহীদদের’ কবর বলে উল্লেখ করেন।
আহমদকে দেখে মনে হচ্ছিল, তিনি শোক সামলে রাখার চেষ্টা করছেন। রোদে পোড়া মুখে গভীর বলিরেখা। তাঁর শোক যেন রাঙ্কুসের বাসিন্দাদের দীর্ঘদিনের পরিচিত এক অভিজ্ঞতা।
আসাদ সরকারের অবরোধের সময় অথবা সরকারি বাহিনীর হাতে আটক হয়ে এই শহরের ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় ৬০ জন পুরুষের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের অনেকেই শহর থেকে মাত্র ১৫ মিনিটের গাড়িপথের দূরত্বে অবস্থিত সাইদনায়া কারাগারের অন্ধকারে হারিয়ে গেছেন।
আহমদ পাহাড়ের অন্য একটি চূড়ায় অবস্থিত নীল গম্বুজের একটি মসজিদ দেখিয়ে বলেন, ‘যুদ্ধের সময় এটিকে সরকারি বাহিনীর সামরিক ঘাঁটিতে পরিণত করা হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর আমাদের ছেলেরাই এটি আবার নির্মাণ করেছে।’
নতুন সরকার শহর পুনর্গঠন বা মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে কোনো কাজ করেনি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কণ্ঠে ছিল চাপা অভিমান।
আহমদের কাছ থেকে বিদায় নিয়ে আমি শহরের প্রধান চত্বরে যাই। সেখানে ততক্ষণে কয়েক ডজন শোকাহত মানুষ জড়ো হতে শুরু করেছেন। রাস্তার দুই পাশে সারি সারি চেয়ার রাখা হয়েছে। রাস্তার শেষ প্রান্তে জানাজার জন্য একটি তাঁবু তৈরি করা হয়েছে। সেখানে নিহত তরুণদের ছবি টাঙানো। পাশাপাশি একটানা কোরআন তিলাওয়াত বাজানো হচ্ছে।
সেখানে আমার সঙ্গে দেখা হয় স্থানীয় উন্নয়ন কমিটির প্রধান নিহাদ আল-শাহিনের।
২০২৫ সালের শুরুর দিকে কমিটিটি গঠন করা হয়েছিল। রাষ্ট্রীয় কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের অনুদানে শহরের প্রয়োজনীয় মেরামতের কাজ করাই ছিল এর উদ্দেশ্য। দেশজুড়ে ব্যাপক পরিসরে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ ও সম্পদ সিরীয় রাষ্ট্রের নেই। বিশ্বব্যাংকের হিসাবে, সিরিয়া পুনর্গঠনে ২১৬ বিলিয়ন ডলার প্রয়োজন।
আবু জাদ বলেন, ‘আমরা বিপ্লবের অংশ ছিলাম, কিন্তু এর বিনিময়ে রাষ্ট্রের কাছ থেকে কিছুই পাইনি। রাস্তার বাতি, সড়ক, স্কুল ও মসজিদ—মৌলিক সেবা এবং পুনর্গঠনের খরচ আমাদের নিজেদেরই বহন করতে হয়েছে।’
আসাদের পতনের পর থেকেই মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। তবে সর্বশেষ ঘটনাটি সেই ক্ষোভকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।
নিহাদ আল-শাহিন আমাকে বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে যা ঘটেছে, তা কালামুন অঞ্চলের বিপ্লবের অন্যতম প্রধান কেন্দ্রের মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে।’
তিনি বলেন, ‘যাঁরা ১৪ বছরের যুদ্ধের মধ্য দিয়ে গেছেন, তাঁরা স্বাভাবিকভাবেই শান্তি ও স্থিতিশীলতা চান। রাঙ্কুসের সব মানুষের মধ্যেই এই প্রত্যাশা রয়েছে।’
আল-শাহিন কর্তৃপক্ষের কাছে ঘটনার তদন্ত করার এবং নিহত তরুণদের সঙ্গে সত্যিই ইসলামিক স্টেটের যোগাযোগ ছিল—এমন প্রমাণ স্থানীয় বাসিন্দাদের সামনে তুলে ধরার দাবি জানান। তবে তাঁর মতে, প্রমাণ সত্য হলেও এত বড় পরিসরে অভিযান চালানোর কোনো যুক্তি ছিল না।
তিনি বলেন, ‘অভিযান পরিচালনার পদ্ধতিতেই ভুল ছিল। এ ধরনের সহিংসতার কোনো প্রয়োজন ছিল না। আমাদের মানুষের মধ্যে রক্তপাত এড়াতে এবং এ ধরনের সমস্যা সমাধানের আরও অনেক উপায় রয়েছে।’
রাঙ্কুসের মতো সাবেক বিদ্রোহী ঘাঁটিগুলোতে সাম্প্রতিক ঘটনাগুলো পুরোনো ক্ষত আবারও উসকে দিয়েছে। একই সঙ্গে মানুষের মনে ফিরিয়ে এনেছে আগের সরকারের সময়কার স্মৃতি।
আল-শাহিন বলেন, ‘নিরাপত্তা নিয়ে পুরোনো যে দৃষ্টিভঙ্গি এখনো উত্তরাধিকার হিসেবে রয়ে গেছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। এই ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে।’