
নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা বায়জিদকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বহিষ্কারের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বায়জিদের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ির জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও দেখিয়ে নারীদের ব্ল্যাকমেইল করা এবং অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করার অভিযোগও করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়জিদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোনে তার গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর চোখে পড়লে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বায়জিদকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন বায়জিদ। বিষয়টি ওই নারীর নজরে আসার পর তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়জিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।