-6af15264a803d.webp)
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি বা কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এদিন বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও চালু থাকবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি। তিনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে। তবে যাত্রী পারাপার, বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি বা কালীপূজা উপলক্ষে ভারত সরকারের সরকারি ছুটি থাকায় সোমবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের কথা আগেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছে।
দেশে ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই বেনাপোল স্থলবন্দর দিয়ে আসে। এ বন্দর দিয়ে মাত্র সাত দিনের এলসিতে পণ্য আমদানির সুযোগ রয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। প্রায় আড়াই ঘণ্টায় কলকাতা থেকে চেকপোস্টে পৌঁছানো যায়। এসব সুবিধার কারণে আমদানিকারকদের কাছে বেনাপোল বন্দর বিশেষ গুরুত্ব বহন করে।
প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিপরীতে বাংলাদেশ থেকে প্রায় ১০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রয়েছে।
তবে ঘন ঘন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দেশের বাজার ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এর প্রভাব পড়ে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলে দুই দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এসব ট্রাকে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাকসামগ্রী ও পচনশীল পণ্য থাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত সামগ্রী এবং মাছ।
এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেও বন্ধ থাকে বাণিজ্যিক কার্যক্রম।
আমদানি-রপ্তানির পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন এ পথে দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী পারাপার থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতে কালীপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীরা স্বাভাবিক নিয়মেই পারাপার হতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দীপাবলি উপলক্ষে সোমবার এ বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।