
ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও জোরদার করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন অভিযান চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন নৌ অবরোধের কারণে ইরানে পণ্য প্রবেশ এবং দেশটি থেকে পণ্য বের হওয়ার সুযোগ অনেকটাই সীমিত হয়ে গেছে। এবার স্থলপথেও ইরানের পণ্য সরবরাহ ও বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নতুন এ অভিযানের ঘোষণা দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানে টাস্কফোর্স আয়রন গেট পুরোদমে কার্যকর হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের সঙ্গে এই অভিযান যুক্ত হওয়ায় ইরানে খুব সামান্য পণ্যই প্রবেশ করতে পারছে কিংবা দেশটি থেকে বের হতে পারছে।’
তবে নতুন অভিযান শুরুর ঘোষণা দিলেও কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হলে ইরানে আবার সামরিক হামলার প্রয়োজন হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষ্য, ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি ‘খুব শক্তিশালী চুক্তিতে’ সম্মত হলে নতুন করে হামলার আশঙ্কা খুবই কম।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোলে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন হওয়ার কথা নয়। তবে আবার হামলা শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যে ইরানের ৩৮টি সেতু ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে আমি তা করব। তবে আমরা তাদের ওপর ইতোমধ্যে কঠোর হামলা চালিয়েছি।’
তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কী এই ‘টাস্কফোর্স আয়রন গেট’?
ইরানের স্থলপথে পণ্য সরবরাহ ও বাণিজ্যিক যোগাযোগ বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগের নাম ‘টাস্কফোর্স আয়রন গেট’।
গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে এটি চালু করা হয়। ফ্লোরিডার টাম্পায় প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স কাজ করবে।
ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে অস্ত্র, সামরিক প্রযুক্তি, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তিপণ্য, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের লেনদেন ও পরিবহণ বন্ধ করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
এ লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে টাস্কফোর্সটি। তবে এটি নতুন কোনো সামরিক অভিযান কিংবা যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েনের উদ্যোগ নয়। মূলত বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম একসঙ্গে পরিচালনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নৌ অবরোধের পাশাপাশি স্থলপথেও নিয়ন্ত্রণ
ইরানের বিরুদ্ধে আগে থেকে চালু থাকা মার্কিন নৌ অবরোধের কার্যক্রম আরও বিস্তৃত করবে ‘আয়রন গেট’। গত জুলাইয়ে ঘোষিত ওই অবরোধের আওতায় আরব উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকমের দাবি, এই অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। তবে অবরোধের আওতার বাইরে রাখা হয়েছে মানবিক সহায়তা।
নৌ অবরোধের মাধ্যমে সমুদ্রপথে ইরানের বাণিজ্য সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ‘আয়রন গেট’ কার্যকর করে স্থলপথের পণ্য সরবরাহব্যবস্থা এবং কাস্পিয়ান সাগরকেন্দ্রিক যোগাযোগও নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
অর্থাৎ সমুদ্র ও স্থল—উভয় পথে ইরানের বাণিজ্যিক কার্যক্রম সীমিত করে দেশটির ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া