
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার চেষ্টা ঠেকাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, তাদের নিরাপত্তা কার্যক্রমের কারণে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে পোশাক কারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গাজীপুরে ছয় ও নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রমের আওতায় গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসব এলাকায় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের ছয় প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় চার প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সদস্য নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নিরাপত্তা তদারকিতে প্রশাসন ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
পুরো কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা ও তদারকির দায়িত্বে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা।
এ ছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করছেন। নারায়ণগঞ্জে একই দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক মো. শাহীন মিয়া।
গোয়েন্দা ইউনিট ও স্বেচ্ছাসেবীরাও নিরাপত্তার দায়িত্বে
নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি তথ্য সংগ্রহ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যদেরও কাজে লাগানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যদের পরিচালিত যৌথ নিরাপত্তা কার্যক্রমের ফলে পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।
এর ফলে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।