
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান হামলাকারীদের কবল থেকে প্রাণে বেঁচে ফিরেছেন।
ঘটনার বিবরণে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছিল। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির পথ আটকে দেয়। এরপর গাড়িতে ভাঙচুর চালিয়ে তাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা।
ময়েনের অভিযোগ, মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করার পর তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা।
ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে হামলাকারীরা তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে জোরপূর্বক ফরাজিকে তুলে নিয়ে যায় তারা।
ময়েন আরও জানান, হামলার পর কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান তারা। বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে অপহৃত নেতার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকেও জানানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।