
সিলেট নগরীর চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সিলেট চালিবন্দর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়।
পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে।
স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, ডাম্পিংয়ে থাকা চারটি বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।