
দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। নতুন এই নীতিমালায় ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আট ধরনের ব্যক্তি বা পরিবারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় নীতিমালাটি জারি করে। এর ফলে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি বড় পরিসরে বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হলো।
নীতিমালায় বলা হয়েছে, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এর মূল দর্শন হলো—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই ধারণার ভিত্তিতে অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি জিটুপি পদ্ধতিতে প্রতি মাসে নগদ অর্থ সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
যে ৮ ক্ষেত্রে ফ্যামিলি কার্ড মিলবে না
নীতিমালায় নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভুক্ত তালিকা রাখা হয়েছে। নিচের বৈশিষ্ট্যগুলোর যেকোনো একটি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না।
১. নির্ধারিত পিএমটি স্কোরের বেশি হলে
সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার এ সুবিধার জন্য বিবেচিত হবে না।
২. নারী পরিবারপ্রধান নিয়মিত চাকরিতে থাকলে
পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরি করে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরাও এর আওতায় পড়বেন।
৩. সরকারি পেনশন গ্রহণ করলে
মনোনীত নারী পরিবারপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা পেলে ফ্যামিলি কার্ড পাবেন না। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণ করলে এই শর্ত প্রযোজ্য হবে না।
৪. ৫ লাখ টাকার বেশি সঞ্চয় বা বিনিয়োগ থাকলে
পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে পরিবারটি বাদ পড়বে। একইভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।
৫. তিন বা চার চাকার মোটরযান থাকলে
পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে সুবিধা দেওয়া হবে না। এর মধ্যে সিএনজি বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।
৬. বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা থাকলে
পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা থাকলে তিনি ফ্যামিলি কার্ডের সুবিধার জন্য যোগ্য হবেন না।
৭. নিয়মিত করদাতা হলে
পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা এবং তার করযোগ্য আয় থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের জন্য বিবেচিত হবে না।
৮. নির্দিষ্ট পরিমাণ জমি বা মূল্যবান অকৃষি সম্পদ থাকলে
বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। একইভাবে কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি এ সুবিধার বাইরে থাকবে।
এক পরিবারের জন্য থাকবে একটি ‘ওয়ান-আইডি’
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রতিটি যোগ্য পরিবারকে একটি স্থায়ী ও স্বতন্ত্র পরিচিতি নম্বর দেওয়া হবে। ‘ওয়ান-আইডি’ নামে এই নম্বর ভবিষ্যতে সংশ্লিষ্ট পরিবারের কেন্দ্রীয় পরিচিতি হিসেবে ব্যবহৃত হবে।
নীতিমালা অনুযায়ী, ওয়ান-আইডি কেবল পরিচিতি নম্বর হিসেবে সীমাবদ্ধ থাকবে না; এটি রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত ও সুসংহত ডেটা গভর্ন্যান্স কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় স্বার্থে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও এই তথ্য ব্যবহারের সুযোগ পাবে।
একই সঙ্গে একাধিক সামাজিক নিরাপত্তা সুবিধা নয়
ফ্যামিলি কার্ডের আওতায় থাকা মনোনীত নারী পরিবারপ্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের একই ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে আর্থিক, খাদ্য বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না।
কোনো নারী পরিবারপ্রধান আগে থেকেই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডব্লিউবি কর্মসূচির সুবিধা পেলে কেন্দ্রীয় ডেটাবেজ যাচাই করে আগের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে।
একই নিয়ম প্রযোজ্য হবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা একই ধরনের সরকারি নগদ সহায়তার ক্ষেত্রেও। তবে মনোনীত নারী পরিবারপ্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে পারবেন।