
বগুড়ায় মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ওপর থেমে ছিল। এ সময় একই দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলায় মহাসড়কের ওই অংশে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
ওসি হাফিজুর রহমান বলেন, উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।