
বর্ষাকালের টানা বৃষ্টি, আবার কখনও মেঘ-রোদের খেলা—এমন পরিবর্তনশীল আবহাওয়ায় সর্দি-জ্বর, কাশি ও পেটের নানা সমস্যা বেড়ে যায়। তাই এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন কয়েক ধরনের ভেষজ চা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এসব চা পান করলে মৌসুমি নানা শারীরিক সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তুলসী চা:
তুলসী পাতা প্রাকৃতিকভাবে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি তুলসীর মনোরম সুগন্ধ মানসিক প্রশান্তিও এনে দেয়। বর্ষার সময়ে প্রতিদিন এক কাপ তুলসী চা পান করা উপকারী হতে পারে।
আদা চা:
শীতল ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় এক কাপ গরম আদা চা শরীরকে আরাম দেয়। আদায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং প্রদাহরোধী উপাদান কফ, গলার খুসখুসে ভাব ও গলাব্যথা কমাতে কার্যকর। একই সঙ্গে এটি হজমশক্তি ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুদিনা চা:
পুদিনা পাতার চায়ের শীতল স্বাদ ও সতেজ সুগন্ধ শরীর-মনকে প্রশান্ত করে। বর্ষাকালে গরম গরম পুদিনা চা পান করলে স্বস্তি মেলে। এ ছাড়া এটি হজমশক্তি উন্নত করতে, গ্যাস, বদহজম এবং পেট ফাঁপার সমস্যা কমাতে বেশ কার্যকর।
যষ্ঠিমধুর চা:
যষ্টিমধুর মূল বা মুলেঠি দিয়ে তৈরি ভেষজ চা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি সর্দি-কাশি, গলাব্যথা উপশম এবং হজমশক্তি বৃদ্ধিতেও এই চা উপকারী।
দারুচিনি-লবঙ্গ চা:
দারুচিনি ও লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে তৈরি করা এই সুগন্ধি ভেষজ চা বর্ষার সন্ধ্যায় দারুণ উপভোগ্য। চাইলে এতে সামান্য মধু মিশিয়ে স্বাদ আরও বাড়ানো যায়। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই পানীয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক।