
নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবিটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন যশ ও সাই পল্লবী। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আলোচনায় এসেছে রণবীর কাপুরের নামও। স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের বিষয়। এবার তাঁর বাড়িতে নজরদারি চালানোর অভিযোগ সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। টাইগার শ্রফ ও সালমান খানের বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের নাম সামনে আসায় এই আতঙ্ক বেড়েছে।
অভিযোগ উঠেছে, টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত রণবীর কাপুরের বাড়িতেও নজর রেখেছিলেন। এ খবর ছড়িয়ে পড়ার পর অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
রণবীরের নিরাপত্তা জোরদারের দাবি
রণবীরের বাড়িতে নজরদারির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা। ‘রামায়ণ’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত এই অভিনেতার নিরাপত্তা আরও কঠোর করার দাবিও জানিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি লিখেছেন, 'এ মুহূর্তে প্রচার বা জনসমক্ষে উপস্থিতির চেয়ে রণবীরের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ।'
অন্য এক অনুরাগী রণবীরের সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করে তাঁর শারীরিক অভিব্যক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি লিখেছেন, 'গত কয়েক দিনে অভিনেতাকে কিছুটা উদ্বিগ্ন ও অস্বস্তিতে দেখা গেছে।'
ওই অনুরাগীর ধারণা, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও চিন্তিত থাকতে পারেন রণবীর।