
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বক্তব্যের প্রেক্ষাপট ও শব্দ ব্যবহারের ব্যাখ্যা দেন।
বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন এবং বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চান তিনি। ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তাঁর অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল বক্তব্যের মূল কথা।
তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তাঁর অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাঁদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।
এর আগে গত ২৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।