
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ করা হবে।
আগে ফল প্রকাশের অনুষ্ঠানটি সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজনের কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফল জানবেন যেভাবে
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
অনলাইনে ফল দেখতে প্রথমে educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করে পরীক্ষার বছর ২০২৬, বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই ফল দেখা যাবে। একই ওয়েবসাইট থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।
প্রতিষ্ঠানের ফল ডাউনলোড
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একসঙ্গে পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং ২০২৬। প্রতিটি অংশের মাঝে একটি করে স্পেস দিতে হবে।
উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের ১২৩৪৫৬ রোল নম্বরের শিক্ষার্থীকে লিখতে হবে: HSC DHA 123456 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন
ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।